বোকার দেশে সফর
- জুয়েল আশরাফ,,
শেষমেষ পাখাল ভাইয়ের সিদ্ধান্ত চরমে এসে পৌঁছেছে- এই চালাক চতুর দেশে এক মুহূর্ত আর থাকবেন না। বোকার দেশে চলে যাবেন। আমরা সবাই বিচলিত বোধ করলাম। কারণ পাখাল ভাই-ই আমাদের মহল্লার একমাত্র মহাপুরুষ যিনি রোজ বিকেলে আমাদের দলটাকে ভোম্বলের দোকানের চটপটি খাওয়ান। তিনি চলে গেলে আমাদের উপায় কী হবে! ভেবেই আমরা দিশেহারা। আর যাবেনই যখন বোকার দেশে কেন, আমেরিকার মতো বুদ্ধিমান রাষ্ট্রে নয় কেন? পাখাল ভাইয়ের এক জবাব- যে দেশের মানুষ কাউকে ঠকাতে পারে না, ঠকানো কী জিনিস জানেই না- এমন বোকা দেশেই চলে যাব।
আমরা ভারী আশ্চর্য হই, এমন বোকা দেশ কোথায়? কোন মহাদেশে সেই দেশের জন্ম?
পাখাল ভাই বুদ্ধিমানের হাসি হেসে বললেন, আছে আছে, এমন দেশও আছে। শুনবি তোরা সেই বোকা দেশের বোকা মানুষের আজব কাহিনি?
আমরা শোনার জন্য সবাই নিজেদের কানকে পরিস্কার করে এনেছি। পাখাল ভাই বলতে আরম্ভ করলেন-
এক বোকা দেশের একটি গ্রাম। সেই গ্রামে দুই বোকা বন্ধু বাস করে। দুজনের মধ্যে বেশ ভাব। কেউ কারোর খোঁজ না রেখে একদিনও থাকতে পারে না। একজনের বাড়িতে যদি ভাল খাবার রান্না হয় দ্বিতীয় বন্ধুকে না দেওয়া পর্যন্ত প্রথম বন্ধু খায় না। দ্বিতীয় বন্ধুও নিজের বাড়িতে ভাল কিছু রাঁধলে খাওয়ার শুরুতেই প্রথম বন্ধুর বাড়িতে পাঠিয়ে তবেই খাবে। এমন মধুময় ভালোবাসা দুজনের। তাদের দুজনকে সবাই দেখে বলে- মানিকজোড়া। দুজনের এত ভাব, চলতে-ফিরতে কেউ কারোর হাত ছাড়ে না। হাত ধরেই রাখে। একদিন হাত ধরে দুজনে পথ চলছে। পথের মধ্যে একটা গাছের সঙ্গে তাদের হাত আটকা পড়ল। পথের মাঝখানে গাছ, পাশ কাটিয়ে চলে গেলেই হয় অথবা হাত ছেড়ে দিয়ে দুজনেই গাছের পাশ দিয়ে যেতে পারে। কিন্তু এই সাধারণ বুদ্ধিটুকুও তাদের ছিল না। লোকজন এসে বলাবলি করল- হায় হায় এখন তো দুজনেরই হাত কাটতে হবে। তা না হলে এরা দুজন সামনে এগোতে পারবে না। হাত কাটতে হবে শুনে দুজনেই কেঁদে উঠল, শরীরের প্রয়োজনীয় অঙ্গ কাটা পড়বে। হাত কাটার আগে কয়েকজন লোক পরামর্শ করে এই দেশের সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান লোককে খবর পাঠালো। খবর পেয়ে জ্ঞানী লোকটি ঘটনাস্থলে এসে উপস্থিত। সে গাছের চারদিক পর্যবেক্ষণ করল আর ভাবতে লাগল হাত না কেটেই এই দুটি মানুষ কীভাবে সামনে এগোতে পারে। অবশেষে অনেক ভেবেচিন্তে সে একটা বুদ্ধি বের করল। তার বুদ্ধি এই- কারোর হাত না কেটে বরং গাছটিকে কেটে ফেললেই সমস্ত সমস্যার সমাধান হয়। বোকা দেশের বোকা মানুষগুলো জ্ঞানী লোকটির পরামর্শে গাছটিকে কাটল এরপর দুই বন্ধু হাত ধরে আবার হাঁটতে পারল ।
Jewel Ashraf more short stories- 👉 Aabasa-Choitrer dupure-Guljer mamer bosonto belash-Jamai bedai-Nargis kahon - Gadami


Post a Comment
Please do not enter any spam link in the comment box.