Bengali short story-Jamai bedai
জামাই বিদায়
- জুয়েল আশরাফ
বিয়ের চার মাস পর কয়েসের মনে এলো শ্বশুর সাহেব কৃপণ স্বভাবের লোক। ছয় মাস পর সেই ভাবনা আরও গাঢ় হলো, শুধু কৃপণ স্বভাব না এক নম্বরের কিপটা। কিপটামির একটা লিমিট থাকে, শ্বশুরের কোনো লিমিট নাই। শ্বশুরমশাই কিপটামির স্বভাব নিয়ে লিমিটের বাইরে বিচরণ করছেন। বিয়ের পর জামাইকে একদিনও দাওয়াত করেননি। কয়েস ভেবেছিল করোনাকালের সময়টা যাক, তারপর দাওয়াত করবেন। আর ঈদের সময়ে শ্বশুরবাড়ির দাওয়াত এমনিতেই জামাইদের প্রাপ্য। কিন্তু যেরকম ভাবনা সেরকম কিছুই ঘটল না। ঈদের নয়দিন হতে চলল শ্বশুরমশাই একটিবারও ফোন দিয়ে আসার জন্যে বলেননি। যখনই ফোন করবেন করোনা নিয়ে প্যাঁচাল, সঙ্গে বিখ্যাত উপদেশ, 'জামাই বাবাজি ঘরে থাকো। বাড়ির বাইরে যেয়ো না। দিনকাল খুব খারাপ, প্রতিদিন দুই হাজার লোক আক্রান্ত হচ্ছে।'
এরকম শ্বশুর নিয়ে কয়েসের জীবন দুর্বিসহ ঠেকছে। তার স্বপ্ন ছিল বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে মৌজমাস্তি করবে। শাশুড়ির রান্না করা খাবারের স্বাদ নেবে। ইলেকট্রিসিটি চলে গেলে ছোট শ্যালকের হাতপাখার বাতাস গায়ে মাখবে। এখন সে পরিস্কার দেখতে পাচ্ছে স্বপ্ন সব দুঃস্বপ্ন হয়ে গুঁড়েবালির মতো ঝরে পড়ছে। ভেবে দেখল শ্বশুরের আশায় বসে থাকলে তার দিন চলবে না, শেষমেশ সিদ্ধান্ত নিল শ্বশুরবাড়ি যাবে। দাওয়াত ছাড়াই।
একদিন সকালে সে ফোন করল শ্বশুর সাহেবকে। জামাইয়ের আসার কথা শুনেই যেন আঁতকে উঠলেন। মুখের ওপর নিষেধ করতে পারলেন না। কয়েস লাইন কেটে দিল। মনে খুশি খুশি ভাব। বিয়ের পর প্রথম যাচ্ছে শ্বশুরবাড়িতে। কিন্তু মুশকিল হলো যাবে কীভাবে? চারিদিকে লকডাউন। গাড়ি নেই রাস্তায়। না থাকুক, হেঁটে যাবে। মাত্র তো চল্লিশ কি পয়তাল্লিশ কিলোমিটার। সে মিষ্টি আর ফলফলাদি কিনে হেঁটে চলল।
এদিকে শ্বশুর সাহেব পড়েছেন মহা বিপদে। জামাইয়ের আসার কথা শুনেই বিচলিত হয়ে স্ত্রীকে জানালেন। কিভাবে ঠেকানো যায় পরামর্শ করলেন। তার স্ত্রী চালাক মানুষ। বললেন, 'আপনি চিন্তা কইরেন না। জামাইরে আসতে দেন। দেখেন আমি কী ব্যবস্থা করি।' কয়েস খুশিতে গদগদ হয়ে শ্বশুরবাড়িতে এসে হাজির। জীবনে প্রথমবার এসেছে। কিন্তু গেটের কাছে আসতেই তার চক্ষু চড়কগাছ। গেটে লেখা- 'এই বাড়ি করোনা সন্দেহে লকডাউন করা হয়েছে। ভেতর প্রবেশ করা এবং বাড়ি থেকে বেরিয়ে আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আদেশক্রমে কর্তৃপক্ষ।' যে রাস্তা ধরে কয়েস এসেছিল, সেই রাস্তা ধরে ভোঁ-দৌড়। আগে জান বাঁচুক, শ্বশুরবাড়ি পরে বেড়ানো যাবে।


Post a Comment
Please do not enter any spam link in the comment box.