Sot kresoker golpo-short story


সৎ কৃষকের গল্প...

        - জুয়েল আশরাফ


এক দেশে এক গরীব কৃষক বাস করতো। তার নিজস্ব কোন জমি ছিল না, অন্যের জমিতে চাষ করতো। সে ছিল নিতান্তই গরীব। তার ছিল তিন ছেলে আর দুই মেয়ে। তিন ছেলে সারাদিন কষ্ট করেও সংসারের অভাব দূর করতে পারতো না। কিন্তু তারা কোন দুঃখ করতো না। কৃষক শুধু মনে মনে ভাবতো, 'আল্লাহ ভরসা। সুখ দুঃখের তিনিই একক মালিক। এরকম ভেবে ভেবে মনের ভেতর তিনি এক ধরনের সুখ লাভ করতেন। কিন্তু দুঃখ কষ্টেই তার দিন যেতে থাকে। একদিন কৃষক গেল অন্যের জমিতে চাষ করতে। লাঙল দিয়ে চাষ করতে করতে একসময় সে একটা সোনার কলস পেল। সেই কলস ভর্তি স্বর্ণ মুদ্রা। জমির মালিককে সেটি দিয়ে দিল। জমির মালিক আশাতীত সম্পদ পেয়ে তো মহাখুশি। সে বলল, 'তোমাকেও এখান থেকে ভাগ নিতে হবে'। কৃষক বলল, 'আমি গরীব মানুষ, দুদিন পরই চলে যাব কবরে। এই সম্পদ জীবিতদের কাজে লাগবে'। জমির মালিক ভেবে দেখলেন কথা তো ঠিকই, কৃষকের মতো সেও তো কবরে চলে যাবে। তখন জমির মালিক আবার প্রস্তাব করল, 'এই সম্পদের অর্ধেক নিয়ে তোমার সন্তানদের মধ্যে ভাগ করে দাও'। কৃষক বলল, 'একদিন আমার মতো বৃদ্ধ হয়ে তারাও কবরে চলে যাবে। এই সম্পদ জীবিতদের কাজে লাগবে'। কিন্তু জমির মালিক কিছুতেই কৃষককে রাজি করাতে পারল না। অবশেষে জমির মালিক সেই সম্পদ নিয়ে চলে এলো রাজদরবারে। রাজার কাছে কলসি ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, 'এই কলসি আমার জমিতে ছিল। আপনি এটা গ্রহণ করুন'। রাজা কলসি দেখে খুশি খুশি বললেন, 'আমি দুদিন পর কবরে চলে যাব। এই সম্পদ জীবিতদের কাজে আসবে'। জমির মালিক বলল, 'আপনার কাছে রাখুন গরীবদের মধ্যে বন্টন করে দেবেন'। রাজা বলল, 'আমার জমিগুলো একজন গরীব কৃষক চাষ করতো, সে আমার সবগুলো জমি থেকে এরকম স্বর্ণমুদ্রাসহ তেরোটি কলসি পায়। সেই গরীব কৃষক আমার কাছে সবগুলি কলসি নিয়ে এলে তাকে কিছু গ্রহণ করতে বলি। সে রাজি না হয়ে বলল- এই সম্পদ জীবিতদের কাজে আসবে। আমার রাজ্যে সমস্ত গরীব প্রজাদের ডেকে এনে সম্পদ গ্রহণ করার জন্য অনুরোধ করেছি কিন্তু তারা কেউই গ্রহণ করতে রাজি না, সবাই বলছে- জীবিতদের এই সম্পদ কাজে লাগবে। আমি দেশের একজন রাজা হয়ে আজ সাত বছর ধরে জীবিত মানুষ খোঁজ করে যাচ্ছি যাকে এই সম্পদগুলো দেয়া যাবে এবং যে কোনদিনই মরবে না। চিরকাল জীবিত থাকবে'।


0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner