শেষ বসন্তে
তানভীর আহমেদ
------------
পঞ্চাশতম বসন্তের শুভেচ্ছা নিও
কেমন আছো প্রিয়?খুব করে জানতে ইচ্ছে হচ্ছে,
চুলে তোমার পাক ধরেছে, আমারও ধরেছে ভীষণ।
বসন্ত মানেই রঙের খেলা
চারপাশ সবকিছুই যেন রঙিন,
কোনো এক সময় আমার জীবনেও বসন্ত এসেছিল-
কোকিল,শিমূল, পলাশ, কৃষ্ণচূড়ার হাত ধরে।
বসন্ত এলো, চলেও গেলো হঠাৎ করেই
সে সবই আজ স্মৃতির পাতায় বন্দী।
জীবনের বসন্তের মৃত্যুর পর -
বহু বসন্ত এসেছে আবার চলেও গেছে
কিন্তু সেসব ছিলো রঙহীন
মনজুড়ে ছিলো শুধু আর্তনাদ,হাহাকার।
জীবন যুদ্ধে আজকাল বসন্ত আসে না
অর্থের বিনিময়ে বিকিয়ে যায় বহু বসন্ত
ফলস্বরূপ দেহ পরিণত হয় জীবন্ত লাশে।
আজ প্রেম নেই
প্রিয়তমার আলিঙ্গন নেই
নেই কুঁড়িতম বসন্ত
এখন শুধুই বিদায়ের অপেক্ষা রঙহীন শেষ বসন্তে।
এ শহরে প্রেম নেমে আসুক
কেউ অপ্রাপ্তির বেদনায় না পুড়ুক
ভালোবাসার জয় হোক
জীবনের শেষ বসন্ত পরিপূর্ণতায় ভরে উঠুক-
যেমনটি উঠেছিল প্রেমিক-প্রেমিকার প্রথম বসন্তে।


Post a Comment
Please do not enter any spam link in the comment box.